বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শিবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ সভা

শিবগঞ্জ প্রতিনিধি ০৮ অক্টোবর ২০২৬ ১০:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ০৮ অক্টোবর ২০২৬ ১০:২৬ অপরাহ্ন
শিবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত কুমার দাসসহ উপজেলার ৫১টি পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সভায় জানানো হয়, উপজেলার ৫১টি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এর মধ্যে ১৫টি ঝুঁকিপূর্ণ মণ্ডপে ছয়জন পুরুষ ও দুইজন নারী আনসার-ভিডিপি সদস্য এবং ৩৬টি সাধারণ ও গুরুত্বপূর্ণ মণ্ডপে চারজন পুরুষ ও দুইজন নারী আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।


এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে পুলিশের প্রতিটি বিটে একজন এসআই ও দুজন এএসআই নিয়োজিত থাকবেন। প্রতিটি পূজামণ্ডপে ১০ সদস্যের স্বেচ্ছাসেবক কমিটিও থাকবে।


সভায় পূজামণ্ডপ এলাকায় জুয়া, মাদক ও মদ্যপানসহ অনৈতিক কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৭টার মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।