বাঘায় শতবর্ষের নৌকা বাইচ ও তিন দিনের মেলার উদ্বোধন
বাঘায় শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেংগাড়ী পদ্মা নদীর ঘাটে মেলার উদ্বোধন করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
গড়গড়ি নৌকা বাইচ মেলা কমিটির আয়োজনে পদ্মা নদীর তীরে এ মেলায় হাজারো মানুষের সমাগম হয়েছে। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার হিসেবে রয়েছে এক লাখ টাকা প্রাইজমানি।
পদ্মা নদীর খায়েরহাট হালিম মাস্টারের ঘাট থেকে বেংগাড়ী বাজার ঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। শ্যালোচালিত নৌকা, বড় হাত বৈঠা ও ছোট হাত বৈঠা নৌকা প্রতিযোগিতার পাশাপাশি ঘোড়দৌড়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আনন্দ আয়োজন রয়েছে মেলায়।
মেলা কমিটি সূত্রে জানা যায়, নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে। এ সময় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ উপস্থিত থাকার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল হাসান অলিভ, নৌকা বাইচ মেলা কমিটির সভাপতি তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ডাবলু সরকার, মেলা কমিটির সার্বিক তত্ত্বাবধায়ক মাসুদ করিম টিপু সরকার, রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম স্বপন, গড়গড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম জনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মেলা কমিটির সার্বিক তত্ত্বাবধায়ক মাসুদ করিম টিপু সরকার বলেন, ‘শত বছরের গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা এবং মানুষের বিনোদনের জন্য এ আয়োজন করা হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে নৌকা বাইচ ও মেলার আয়োজন করা হবে।’