বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাকাব ও এনবিআইইউর মধ্যে সমঝোতা স্মারক সই

সংবাদ বিজ্ঞপ্তি ০৮ অক্টোবর ২০২৬ ১০:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৮ অক্টোবর ২০২৬ ১০:২৮ অপরাহ্ন
রাকাব ও এনবিআইইউর মধ্যে সমঝোতা স্মারক সই

শিক্ষা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ)-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাকাবের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এনবিআইইউর ডিরেক্টর অব অ্যাকাউন্টস আশরাফুল হুদা এবং রাকাবের মানবসম্পদ উন্নয়ন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।


এ সময় উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুল ইসলাম ও পরিচালকবৃন্দ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং এনবিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম ছায়েদুর রহমান।


সমঝোতার আওতায় শিক্ষা, তথ্যপ্রযুক্তি, গ্রামীণ উন্নয়ন ও অর্থায়নসহ বিভিন্ন বিষয়ে যৌথ গবেষণার সুযোগ তৈরি হবে। পাশাপাশি এনবিআইইউর শিক্ষার্থীরা রাকাবে ইন্টার্নশিপের সুযোগ পাবেন।


চুক্তির আওতায় রাকাবের সমন্বিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধের সুবিধা চালু করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা রাকাবের বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এর ফলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা জানান।


অন্যদিকে, রাকাবের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং তাঁদের স্বামী-স্ত্রী ও সন্তানরা এনবিআইইউর বিভিন্ন একাডেমিক প্রোগ্রামে ভর্তি ও টিউশন ফির ক্ষেত্রে বিশেষ ছাড় ও সুবিধা পাবেন। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও এনবিআইইউ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কাউন্সেলিং সহায়তা নেওয়া যাবে।


উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, এ সমঝোতা স্মারক উত্তরাঞ্চলের ব্যাংকিং খাত ও উচ্চশিক্ষার উন্নয়নে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে।