কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রম, রোগীদের খোঁজখবর নেওয়া এবং তাঁদের মাঝে পানীয় ও ফল বিতরণ করা হয়েছে।
৪ থেকে ১০ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির সপ্তাহ উপলক্ষে কাজিপুর উপজেলা জামায়াত এ কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. শাহিনুর আলম।
তিনি হাসপাতাল পরিদর্শন করে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তব্য দেন। এ সময় জামায়াতের নেতাকর্মীরা হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং মশার বংশবিস্তার রোধ, ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে ভর্তি রোগীদের মধ্যে পানীয় ও বিভিন্ন ধরনের ফল বিতরণ করা হয়।
কর্মসূচিতে কাজিপুর উপজেলা জামায়াতের আমির জাহিদুল ইসলাম, নায়েবে আমির মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি আরমান হোসেন, পৌর জামায়াতের সভাপতি শাফিউল ইসলাম সানাসহ উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। তাঁরা বলেন, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
সপ্তাহব্যাপী কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।