শাহজাদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৪
সিরাজগঞ্জের শাহজাদপুরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১৭ জনসহ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পালিয়ে যান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার দারিয়াপুর এলাকার কুমারচড়া নামক স্থানে জনৈক বাবুর ডিপকলের সামনে এ অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে ২ হাজার ১৭০ টাকা, তিন প্যাকেট নতুন তাস ও জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি প্লাস্টিকের চট জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, রাত ১২টা ১০ মিনিটের দিকে শাহজাদপুর থানার এসআই মো. আজিজুল হক সঙ্গীয় ফোর্সসহ টহল ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্বে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কুমারচড়া এলাকায় জুয়ার আসর বসার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় আটক ব্যক্তিসহ পলাতকদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।