বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

উল্লাপাড়ায় ঘোল-মাঠা ও শিশু খাদ্যের দোকানে অভিযান, জরিমানা ২ লাখ ৪০ হাজার

সিরাজগঞ্জ প্রতিনিধি ০৮ অক্টোবর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিরাজগঞ্জ প্রতিনিধি ০৮ অক্টোবর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় ঘোল-মাঠা ও শিশু খাদ্যের দোকানে অভিযান, জরিমানা ২ লাখ ৪০ হাজার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘোল, মাঠা, ঘি ও দই উৎপাদনকারী কারখানা এবং শিশু খাদ্যের দোকানে যৌথ অভিযান চালিয়ে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলামের নেতৃত্বে সলপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে লেবেলবিহীন ঘোল, মাঠা, ঘি ও দই উৎপাদন এবং লেবেলবিহীন রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।


এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সলপ ঘোল এন্ড সাদেক খান দই ঘরের মালিক মো. আব্দুল মালেক খানকে ৫০ হাজার টাকা, সলপ দই ঘরের মালিক আব্দুল খালেক খানকে ৫০ হাজার টাকা এবং সলপ মাঠা ঘোল দই ঘরের মালিক মো. আব্দুর রাজ্জাককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য আইনে সলপ কাশেম ঘোল মাঠা দই এন্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।


অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহার উপস্থিতিতে মিল্ক অ্যানালাইজারের মাধ্যমে দুধের গুণগত মান পরীক্ষা করা হয়। এতে দুধে ফ্যাটের পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে কম পাওয়া যায়।


অন্যদিকে, উল্লাপাড়া বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে শিশু খাদ্যের দোকানে অভিযান চালানো হয়। নকল ও লেবেলবিহীন শিশু খাদ্য বিক্রির দায়ে মেসার্স শফিকুল স্টোরের মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার এবং মেসার্স শরিফ স্টোরের মালিক শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ছাড়া অভিযানে গ্যাস সিলিন্ডারের বিক্রয়মূল্য ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও উল্লাপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।


ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত এবং খাদ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।