গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। উৎসব নির্বিঘ্ন রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, পূজা উদ্যাপন কমিটি ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো অপশক্তি যাতে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তাঁরা।
সভায় জানানো হয়, গোমস্তাপুর উপজেলার আটটি ইউনিয়ন ও রহনপুর পৌরসভার ৩২টি দুর্গামন্দিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি ড. মু. মিজানুর রহমান বলেন, প্রতিটি ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রয়েছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব।
ইউএনও মো. জিল্লুর রহমান বলেন, পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সভায় পার্বতীপুর ও আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, গোমস্তাপুর থানার ওসি, সাংবাদিক এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।