পদ্মার শাখা নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ ২৭ ঘণ্টা পর উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুরে পদ্মা নদীর একটি শাখায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আনিকা খাতুনের মরদেহ ২৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর-বেলপাড়া এলাকার রুবেলের ঘাট থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত আনিকা খাতুন ওই এলাকার আনিকুল ইসলামের মেয়ে। সে জহুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা দুইটার দিকে বাড়ির অদূরে পদ্মা নদীর একটি শাখায় গোসল করতে যায় আনিকা। পানিতে নামার পর সে ডুবে নিখোঁজ হয়। স্বজনেরা নদীর আশপাশে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বুধবার রাত আটটা পর্যন্ত অভিযান চালিয়েও আনিকার সন্ধান পাওয়া যায়নি।
পরে বৃহস্পতিবার সন্ধ্যার আগে নদীর পানিতে আনিকার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা সেটি উদ্ধার করেন।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (৭ অক্টোবর) গোসল করতে গিয়ে পানিতে ডুবে আনিকা নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় অভিযান চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বৃহস্পতিবার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করেন।