নসরতপুরকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা
বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচে নসরতপুর ইউনিয়ন পরিষদকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সান্তাহার পৌরসভা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সান্তাহার আধুনিক স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সান্তাহার পৌরসভা। একের পর এক আক্রমণে নসরতপুরের রক্ষণভাগ ব্যস্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তাহার পৌরসভা।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের স্বাগত জানান সান্তাহার পৌরসভার প্রশাসক মাসুমা বেগম ও সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার।
এ জয়ের ফলে আগামী ১৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সেমিফাইনালে চাঁপাপুর ইউনিয়ন পরিষদের মুখোমুখি হবে সান্তাহার পৌরসভা। অপর সেমিফাইনালে ১৩ অক্টোবর বিকেল ৪টায় একই মাঠে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ ও আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ মুখোমুখি হবে।
এর আগে ৫ অক্টোবর বিকেলে ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আটটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
উদ্বোধনী অনুষ্ঠান ও প্রতিটি ম্যাচ ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দর্শকদের উপস্থিতিতে ম্যাচগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে।