রাজশাহী মহিলা কলেজের সামনে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারীরা
দীর্ঘদিন দখলে থাকা রাজশাহী মহিলা কলেজের সামনের ফুটপাত অবশেষে দখলমুক্ত হয়েছে। দোকানপাট, খাবারের দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদের পর ফুটপাতে স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ পেয়েছেন পথচারীরা। এতে কমেছে সড়কের ওপর মানুষের চাপ, স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় গত ৬ অক্টোবর সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। দড়িখরবোনা মোড় থেকে রাজশাহী মহিলা কলেজের সামনে হয়ে মালোপাড়া পর্যন্ত এবং বাটার মোড় ও নিউমার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানের পর রাজশাহী মহিলা কলেজের সামনের ফুটপাত ফিরে পেয়েছে অনেকটা স্বাভাবিক চেহারা। আগে দোকানপাট ও নানা অস্থায়ী স্থাপনায় ফুটপাত বন্ধ থাকায় পথচারীদের বাধ্য হয়ে সড়ক দিয়ে হাঁটতে হতো। এতে দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি সৃষ্টি হতো যানজট। এখন পথচারীরা ফুটপাত ব্যবহার করায় সড়কের ওপর চাপও কমেছে।
স্থানীয় নাগরিক শরিফুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর ফুটপাতটি নাগরিকদের চলাচলের উপযোগী হয়েছে। আগে দোকানপাটের কারণে এখানে হাঁটার পরিবেশ ছিল না। তিনি ফুটপাতগুলো দখলমুক্ত রাখার পাশাপাশি নিয়মিত নজরদারির দাবি জানান।
নারী পথচারী নাইমা জান্নাত বলেন, ফুটপাত দখল থাকায় নারী, শিশু ও বয়স্কদের গাড়ির পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলতে হতো। এখন নিরাপদে হাঁটা যাচ্ছে। নগরীর অন্য ফুটপাতগুলোও দখলমুক্ত করার দাবি জানান তিনি।
রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সানজিদা খাতুন বলেন, কলেজে আসা-যাওয়ার সময় আগে সড়কের ওপর দিয়ে হাঁটতে গিয়ে ভয় লাগত। এখন ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন। ভবিষ্যতে যেন আবার ফুটপাত দখল না হয়, সে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এক রিকশাচালক বলেন, আগে ফুটপাত দখল থাকায় পথচারীরা সড়কে হাঁটতেন। পাশাপাশি দোকানের সামনে রিকশা-ভ্যান দাঁড়িয়ে থাকায় সড়কে চাপ বাড়ত। এখন পথচারীরা ফুটপাত ব্যবহার করায় যানজটও তুলনামূলক কমেছে। তবে অভিযান শেষ হওয়ার পর আবার যাতে ফুটপাত দখল না হয়, সেজন্য নিয়মিত অভিযান প্রয়োজন।
নগরবাসীর প্রশ্ন, উচ্ছেদ হলেই কি শেষ? অতীতে বিভিন্ন এলাকায় অভিযান চালানোর পর কিছুদিনের মধ্যেই ফুটপাত আবার দখল হওয়ার অভিযোগ রয়েছে। ফলে এবারের অভিযানকে কার্যকর করতে প্রয়োজন নিয়মিত তদারকি ও দখল পুনঃস্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।
রাজশাহী সিটি করপোরেশন জানিয়েছে, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।
নগরবাসীর প্রত্যাশা—ফুটপাত যেন আবার দখলদারদের হাতে না যায়। ফুটপাত থাকবে পথচারীর জন্য, দখলদারের জন্য নয়—এই নীতির বাস্তব প্রয়োগই এখন দেখার বিষয়।