বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাবির বেগম খালেদা জিয়া হলে বার্ষিক সম্মাননা ও পুরস্কার প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি ০৮ অক্টোবর ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৮ অক্টোবর ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
রাবির  বেগম খালেদা জিয়া হলে বার্ষিক সম্মাননা ও পুরস্কার প্রদান

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বেগম খালেদা জিয়া হলের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা এবং সাংস্কৃতিক ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় হল মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় হলের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক এবং সাংস্কৃতিক ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন। 


অনুষ্ঠানে উপাচার্য তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়া হলের কৃতী শিক্ষার্থী এবং সাহিত্য ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আগামীতেও তারা নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের মেধা দেশের সেবায় নিবেদিত করতে আহ্বান জানান।  প্রসঙ্গক্রমে উপাচার্য বলেন, হল জীবনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। তাই শিক্ষার্থীরা যেন হল জীবনের ইতিবাচক দিকগুলো অনুসরণ করে। 


উপ-উপাচার্য (প্রশাসন) তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়া হলের সম্মাননা ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি প্রতিভা বিকাশের জন্য খেলাধুলা ও সাহিত্য-সাংস্কৃতিক  কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান। হলের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করে হল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মধ্যে মেধা চর্চাকে উৎসাহিত করলো বলে তিনি উল্লেখ করেন। 


উপ-উপাচার্য (শিক্ষা) তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশের জন্য সাংস্কৃতিক ও ক্রীড়াচর্চার প্রতি গুরুত্ব দিতে আহ্বান জানান। সম্মাননাপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা তাদের মেধা ও মনন দিয়ে দেশ ও জাতির সেবায় নিজেদের নিবেদিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 


অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, বিভিন্ন হল প্রাধ্যক্ষসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। হলের প্রাধ্যক্ষ প্রফেসর শরমিন হামিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।