শিবগঞ্জে আমবাগানে মিলল বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নামো চাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবির একটি দল ওই আমবাগানে অভিযান চালায়। এ সময় একটি শপিং ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসআরবির ধারণা, নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি সেখানে রাখা হয়েছিল। তবে এগুলো কারা, কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি অভিযান পরিচালনাকারী দল।