চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে প্রাণ গেল কিশোরীর, ২৪ ঘণ্টায় ভর্তি ৬১
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপের মধ্যে প্রাণ হারাল ১৬ বছর বয়সী কিশোরী মুসকান আরা মিম। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলাজুড়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৫৫ জনই জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।
মারা যাওয়া মুসকান আরা মিম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার মাহবুব আলমের মেয়ে।
জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান মুসকানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত মুসকান বুধবার দিবাগত রাত একটার দিকে হাসপাতালে ভর্তি হয়। পরে তাকে ডেঙ্গু ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান, গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৫৫ জন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও জানান, নতুন ভর্তি হওয়া রোগীদের সঙ্গে আগে থেকে ভর্তি থাকা রোগীদের হিসাব মিলিয়ে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বর্তমানে মোট ৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।