ঈশ্বরদীতে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার : গ্রেপ্তার ২৩
পাবনার ঈশ্বরদীতে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটারগান ও চারটি হাসুয়াসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত থেকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চরসহ বিভিন্ন এলাকায় ঈশ্বরদী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার ঈশ্বরদী থানায় আনুষ্ঠানিক প্রেসব্রিফিং করে পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জন, নিয়মিত মামলার ১ জন এবং মাদকদ্রব্য সেবনের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার এবং উদ্ধার করা অস্ত্রগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ সুপার আবু আশরাফ জানান, ঈশ্বরদীতে মাদকবিরোধী ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ অপারেশন দল লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের দিগির চরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান ও তিনটি হাসুয়া উদ্ধার করে। এছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও একটি হাসুয়া উদ্ধার করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার ৫ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্য সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি আশাদুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।