রাজশাহীতে মাদকবিরোধী অভিযান, নারীসহ গ্রেপ্তার ৫
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া ও পবা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন কথিত মাদক ব্যবসায়ী ও দুজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১০টি ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন ও ১৫৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৭ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে রাজপাড়া থানা পুলিশ লক্ষ্মীপুর প্যারামেডিকেল রোড এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলাম ওরফে মিতুল (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০টি ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ৮ অক্টোবর রাত সোয়া ৯টার দিকে পবা থানা পুলিশ পশ্চিম পুঠিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোসা. মিরা খাতুন (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করে। তিনি মো. গণি আমিনের স্ত্রী। তাঁর বাড়ি তল্লাশি করে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, মিরা খাতুনের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।
একই দিন রাত ১০টার দিকে পবা থানা পুলিশ মদনহাটি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে মিঠুন সরকার (৪১) ও ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করে। মিঠুন পূর্ব পুঠিয়াপাড়া গ্রামের মৃত অজিত রঞ্জন সাহার ছেলে। কিশোরের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর মোহনপুর উপজেলার বিদিরপুর বকপাড়া গ্রামে অভিযান চালিয়ে ছদের আলী (৭৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত জহির স্বর্ণকারের ছেলে। তাঁর বাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ১১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।