বাঘার পদ্মার চরে বন্দুক-এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীর বাঘায় পদ্মার চরাঞ্চলে যৌথ অভিযান চালিয়ে একটি একনলা কাটা বন্দুক, একটি ২২ বোরের এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামিদের দুটি রিকলও উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল পৌনে ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এটিএম মাইনুল ইসলামের নেতৃত্বে অভিযানে জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), আরআরএফ ও নৌ-পুলিশ অংশ নেয়। পুলিশ সুপার মো. মামুন অর রশিদের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, চকরাজাপুর ইউনিয়নের মানিকের চরের আমজাদ হোসেনের কলাবাগান থেকে একটি ২২ বোরের এয়ারগান উদ্ধার করা হয়। একই ইউনিয়নের পলাশী ফতেপুর চরে রাজা ব্যাপারীর বাড়ির পশ্চিম পাশের একটি খেজুরবাগান থেকে উদ্ধার করা হয় একনলা কাটা বন্দুক।
এ ছাড়া গড়গড়ি ইউনিয়নের চাঁনপুর চরে রুহুল আমিনের বসতবাড়ির পাশ থেকে পাঁচটি ধারালো হাসুয়া ও একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, অভিযানে মাসুম আলী নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামিদের দুটি রিকল পাওয়া গেছে। যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।