বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

‘আমি চুরি করে খাই, তবে জায়েজ করে খাই’

সিরাজগঞ্জ প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৬ ১১:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিরাজগঞ্জ প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
‘আমি চুরি করে খাই, তবে জায়েজ করে খাই’

‘আমি চুরি করে খাই তবে জায়েজ করে খাই’ সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন সেখের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।


সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম ও অতিরিক্ত ব্যয়ের অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন বলে জানা গেছে।


বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে চেয়ারম্যান ফরহাদ হোসেনকে বলতে শোনা যায়, আমি চুরি করে খাই তবে জায়েজ করে খাই। তবে যেটুকু চুরি করলে মানুষের ক্ষতি হবে না, সেটুকু চুরি আমি করি। আমি মানুষের ক্ষতি করে কোনো কিছু করা, সেটা আমি করি না। পরিষ্কার কথা। এখানে সবার হক আছে। মেম্বার-চেয়ারম্যানের কি বেতন আছে?


এর আগে সরকারি বৃক্ষরোপণ কর্মসূচিতে চারা ক্রয় ও পরিচর্যায় অনিয়মের অভিযোগ নিয়ে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, সিরাজগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ৫০ থেকে ৬০ টাকার চারা রোপণে গড়ে ৭০০ টাকা পর্যন্ত ব্যয় দেখানো হয়েছে। অনেক স্থানে রোপণের এক থেকে দেড় মাসের মধ্যেই চারা শুকিয়ে মারা গেছে। কোথাও গাছ পড়ে রয়েছে, আবার কোথাও পরিচর্যার অভাবে চারাগাছ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।


প্রতিবেদনে সদর উপজেলার বহুলী ইউনিয়নে ৪০০টি গাছ রোপণে ২ লাখ ৭৯ হাজার টাকা ব্যয় দেখানোর তথ্য তুলে ধরা হয়। একই সঙ্গে কালিয়া হরিপুর, ছোনগাছা ও শিয়ালকোল ইউনিয়নেও অনুরূপ চিত্রের কথা উল্লেখ করা হয়।


সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। এর মধ্যে চেয়ারম্যান ফরহাদ হোসেনের বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে নতুন করে সমালোচনার সৃষ্টি হয়।


স্থানীয় বাসিন্দা মো. ইমাজ উদ্দিন বলেন, বহুলী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে এমন বক্তব্য অত্যন্ত আপত্তিকর ও দুঃখজনক। এতে ইউনিয়নের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য তাঁর জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।


এদিকে, সংবাদ প্রকাশের পর বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন। কমিটিতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে আহ্বায়ক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে সদস্য এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামারকে সদস্যসচিব করা হয়েছে।


সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান জানান, তদন্ত কমিটিকে ৪ কার্য দিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম ও পরিচর্যার অভাবে চারা নষ্ট হওয়ার অভিযোগে বহুলী, শিয়ালকোল, ছোনগাছা ও কালিয়া হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসকদের কাছে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।


ভাইরাল হওয়া নিজের বক্তব্যের বিষয়ে চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, আমি যা বলছি, সেটা লিখে নাই। কথা এইভাবেই হবে। আমি চেয়ারম্যান হইছি, এ দেশের মানুষ সবাই বলে, সকল মেম্বার-চেয়ারম্যানরা চুরি করে খায়। সাধারণ জনগণের যে কথা, আমি তা তুলে ধরছি।