তাড়াশে গরু চুরি ঠেকাতে রাস্তায় গাছ ফেলে রাতভর পাহারা গ্রামবাসীর
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গরু চুরি বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসী। চুরি ঠেকাতে রাত জেগে দলবদ্ধভাবে গ্রাম পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি সন্দেহজনক যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে রাতের বেলায় সড়কের ওপর গাছ ফেলে রাখছেন তারা। উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের রাধাকান্তপুর এলাকায় সম্প্রতি এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাধাকান্তপুর এলাকায় সাম্প্রতিক সময়ে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় গবাদিপশু পালনকারী পরিবারগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রাতের আঁধারে সংঘবদ্ধ চোরের দল গরু চুরি করে নিয়ে যেতে পারে—এমন আশঙ্কায় নিজেদের গবাদিপশু ও অন্যান্য সম্পদ রক্ষায় সতর্ক অবস্থান নিয়েছেন গ্রামবাসী। নিজেদের উদ্যোগে কয়েকটি দলে ভাগ হয়ে রাতভর পাহারার ব্যবস্থা করেছেন তারা।
পাহারাদাররা রাতের বিভিন্ন সময়ে গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে অবস্থান করছেন। অপরিচিত ব্যক্তি কিংবা সন্দেহজনক যানবাহন চলাচল করলে সেগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করছেন তারা। বিশেষ করে গভীর রাতে যাতে চোরের দল গরু নিয়ে পালিয়ে যেতে না পারে, সে জন্য সড়কের ওপর গাছ ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে নজরদারি জোরদার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত ১২টার পর এলাকায় কোনো গাড়ি বা অপরিচিত ব্যক্তিকে দেখা গেলে তার পরিচয় এবং চলাচলের কারণ জানতে চাওয়া হচ্ছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে ভোর পর্যন্ত পাহারাদারদের সঙ্গে থাকতে হবে বলেও জানিয়েছেন তারা। গরু চুরির আশঙ্কা থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসীর প্রত্যাশা, রাধাকান্তপুরসহ আশপাশের এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি গরু চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হলে গ্রামবাসীর মধ্যে স্বস্তি ফিরবে এবং গবাদিপশু চুরির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।