বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন

রাবি প্রতিবেদক ১০ অক্টোবর ২০২৬ ১১:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১০ অক্টোবর ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
রাবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য কেন্দ্র ও মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।


‎সকাল ১০টার দিকে মানসিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহা. এনামুল হক, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. মজিবুল হক আজাদ খানসহ বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রার আগে মানসিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে একটি গাছের চারা রোপণ করেন উপাচার্য।


‎সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘বাস্তব অভিজ্ঞতার কথা শোনা: প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’ প্রতিপাদ্যে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আব্দুল আলিম।


‎সেমিনারে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, মানুষের সার্বিক সুস্থতা, কর্মক্ষমতা ও জীবনমানের জন্য মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, এমন ব্যক্তিদের অভিজ্ঞতা শোনা এবং তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা এবারের প্রতিপাদ্যে উঠে এসেছে। এ কারণে প্রতিপাদ্যটি সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।


‎উপ-উপাচার্য অধ্যাপক মো. আব্দুল আলিম বলেন, বাংলাদেশে মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতার অভাব, সামাজিক কুসংস্কার ও প্রয়োজনীয় সেবা পাওয়ার সীমাবদ্ধতা চিকিৎসার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। মানসিক স্বাস্থ্যকে সামগ্রিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।


‎তিনি আরও বলেন, পারস্পরিক সহমর্মিতা, সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির মাধ্যমে এমন একটি সমাজ গড়ে তোলা সম্ভব, যেখানে প্রত্যেকে নিজের অধিকার ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।


‎উল্লেখ্য, মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহা. এনামুল হকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজির আহম্মদ তুষার। আলোচনা করেন ডা. মো. ওয়াসিম হোসেন। স্বাগত বক্তব্য দেন মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. মজিবুল হক আজাদ খান।