কামারখন্দে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৬ তরুণ গ্রেফতার
সিরাজগঞ্জের কামারখন্দে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিতে জড়িত থাকার অভিযোগে ছয় তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর ) ভোরে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের ঢাকা–বগুড়া মহাসড়কের উপজেলার তালুকদার বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক তরুণেরা হলেন, সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার আব্দুল লতিফ খানের ছেলে সাইদুল ইসলাম (২২), মুলিবাড়ী এলাকার বুদ্দু আকন্দের ছেলে নাজমুল আকন্দ (১৯), সয়দাবাদ পঞ্চসোনা এলাকার সাইদুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২০), হাট সারোটিয়া এলাকার হাসান মোল্লার ছেলে মিরাজ মোল্লা (১৮), সয়দাবাদ পূর্ব মোহনপুর এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে রাকিব শেখ (১৮) এবং মুলিবাড়ী এলাকার শাহাজামালের ছেলে শরিফুল ইসলাম (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামারখন্দ উপজেলার পলাশঙ্গা যুবশিবির-সংলগ্ন এলাকায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ১৭ জন নেতা-কর্মী একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের টহল গাড়ি দেখে তাঁরা ছত্রভঙ্গ হয়ে সেখান থেকে সরে যান। তাঁদের মধ্যে কয়েকজন পাশের তালুকদার বাজার এলাকায় প্রবেশ করেন। পরে স্থানীয় লোকজন ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, আটকদের থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কারাগারে পাঠানো হবে।