বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

প্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

পুঠিয়া প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৬ ১১:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৬ ১১:১২ অপরাহ্ন
প্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

রাজশাহীর পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে আটক করেছে পুলিশ।  শনিবার (১০ অক্টোবর) ভোররাতে উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকায় স্বামী আশরাফুল ইসলামের (৩৫) ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।


পুলিশ আহত আশরাফুল ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত রেখা খাতুনকে আদালতে পাঠানো হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলাম পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাসের সহকারী। তার প্রথম স্ত্রী রিমা খাতুন তারাপুরে বসবাস করেন। অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে নিয়ে তিনি মাহিন্দ্রা বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তবে মাঝেমধ্যে প্রথম স্ত্রীর বাড়িতে যেতেন আশরাফুল। এ নিয়ে দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে জানা গেছে।


এরই জেরে শনিবার ভোররাতে রেখা খাতুন ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ উঠেছে।


পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি বর্তমানে রামেক হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার প্রথম স্ত্রী উপস্থিত রয়েছেন।


ওসি আরও জানান, এ ঘটনায় প্রথম স্ত্রী রিমা খাতুনের  দায়ের করা মামলায় দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।