রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের ১২তম কংগ্রেস অনুষ্ঠিত
“অধিকার আদায়ের জন্য চাই সকল জনজাতির বৃহত্তর ঐক্য”—এই স্লোগানকে সামনে রেখে কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের প্রায় একহাজার নেতৃত্ব, প্রতিনিধি অংশ নেন।
শনিবার (১০ অক্টোবর) গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভা অডিটোরিয়ামে রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে রক্ষাগোলা গ্রাম এবং সিসিবিভিও, রাজশাহী ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানির সহায়তায় “রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি”-এর আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেনের সভাপতিত্বে অতিথিদের আলোচনা সভা শুরু হয়। কংগ্রেস সভার শুভ উদ্বোধন করেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর আব্দুস সালাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড প্রবাসী রক্ষাগোলা সংগঠনের শুভাকাঙ্খী আব্দুল মান্নান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রক্ষাগোলা মডেলের গবেষক ও সিসিবিভিও’র নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, রক্ষাগোলা সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।