শাহজাদপুরে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৫ পিস ইয়াবাসহ মো. মনির শেখ (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাতে পৌর এলাকার ইসলামপুর রামবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনির শেখ ওই গ্রামের মৃত সামাদ শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর রামবাড়ী এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজনের অবস্থানের খবর পায় শাহজাদপুর থানা-পুলিশ। পরে রাত ১১টা ২৫ মিনিটে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মনির শেখকে আটক করা হয়।
পরে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত পোশাক থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১ দশমিক ৫ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির শেখ দীর্ঘদিন ধরে শাহজাদপুর ও আশপাশের এলাকায় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাদপুর থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সিরাজগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাদপুরকে মাদকমুক্ত করতে অভিযান ও নিয়মিত টহল অব্যাহত থাকবে।