বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রির প্রস্তাব, ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিরাজগঞ্জ প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন
সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রির প্রস্তাব, ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জের সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রস্তাব দেওয়ায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


রোববার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে গ্যাস সিলিন্ডারের খুচরা বিক্রয়কেন্দ্রে তদারকি অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।


অধিদপ্তর সূত্রে জানা গেছে, পিপুলবাড়িয়া বাজারে ১২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রস্তাব দেন মেসার্স আকন্দ ট্রেডার্সের মালিক মো. এনামুল হক রুবেল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানসংশ্লিষ্টরা জানান, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৮৩৭ টাকা। অভিযানে বিভিন্ন বাজারে এ নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রির তথ্য পাওয়া যায়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়। এ সময় ভোক্তাদের স্বার্থ রক্ষায় ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। অভিযানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।