বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বাঘায় নৌকা বাইচে লাখ টাকার পুরস্কার জিতলেন বাংলার বাঘের পরিচালক হুমায়ন

বাঘা প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন
বাঘায় নৌকা বাইচে লাখ টাকার পুরস্কার জিতলেন বাংলার বাঘের পরিচালক হুমায়ন

রাজশাহীর বাঘায় শতবর্ষের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় লাখ টাকার প্রাইজমানি জিতেছেন দুড়দুড়িয়া এলাকার ‘বাংলার বাঘ’ নৌকার পরিচালক হুমায়ন আহমেদ। দ্বিতীয় হয়েছেন একই এলাকার ‘জনতা এক্সপ্রেস’ নৌকার পরিচালক হাফিজুর রহমান। 


শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেঙগাড়ি পদ্মা নদীর ঘাটে তিন দিনব্যাপী নৌকা বাইচ ও মেলার শেষ দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।


পুরস্কার বিতরণের আগে অনুষ্ঠিত হয় বড় হাতবৈঠার নৌকা বাইচ প্রতিযোগিতা। এতে দুটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতা চলাকালে স্পিডবোটে করে নদীতে উপস্থিত থেকে বাইচ উপভোগ করেন সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। এ সময় পদ্মার দুই পাড়ে জড়ো হওয়া হাজারো দর্শক হাত নেড়ে তাঁকে অভিবাদন জানান।


বিজয়ী হুমায়ন আহমেদ বলেন, তাঁর নিজস্ব কোনো নৌকা নেই। সিরাজগঞ্জ থেকে নৌকা ভাড়া করে এনে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তাঁর সঙ্গে গ্রামের লোকজনও ছিলেন। তাঁরা বিজয়ে খুব খুশি হয়েছেন। তাঁর ভাষ্য, ‘বিজয়টা বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় বিষয়।’


আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ নৌকা বাইচ ও মেলার প্রথম দিন বৃহস্পতিবার ছোট হাতবৈঠার নৌকা বাইচের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। ওই দিন মেলার উদ্বোধন করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার। দ্বিতীয় দিন শুক্রবার অনুষ্ঠিত হয় শ্যালো ইঞ্জিনচালিত নৌকা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা। আর শেষ দিন শনিবার ৭৫ থেকে ৮৫ হাত লম্বা নৌকা নিয়ে বড় হাতবৈঠার বাইচ অনুষ্ঠিত হয়।


শনিবারের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। নৌকা বাইচ ও মেলা কমিটির সভাপতি তোজাম্মেল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। গড়গড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম জনি অনুষ্ঠান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু ও সদস্যসচিব আশরাফ আলী মলিন।


রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম স্বপনের পরিচালনায় এবং বিএনপি নেতা মাসুদ করিম টিপু সরকারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন নৌকা বাইচ ও মেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ডাবলু সরকারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।


তিন দিনব্যাপী এ আয়োজন ঘিরে পদ্মা নদীর দুই পাড়ে দূরদূরান্ত থেকে আসা হাজারো মানুষের ভিড় জমে। গ্রামীণ ঐতিহ্যের এ প্রতিযোগিতা দেখতে নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে নদীতীর। বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ছিল এক লাখ টাকার প্রাইজমানি।