বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শিবগঞ্জে রাতের আঁধারে ৮ কাটিমন আমগাছ কাটার অভিযোগ

শিবগঞ্জ প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন
শিবগঞ্জে রাতের আঁধারে ৮ কাটিমন আমগাছ কাটার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে একটি আমবাগানের আটটি কাটিমন জাতের আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন বাগানের মালিক শুকচাঁদ আলী। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।


রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়ার মাঠে আমবাগানটির গাছ কেটে ফেলার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তাঁরা বাগানের মালিককে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার বিষয়টি দেখতে পান শুকচাঁদ আলী। তিনি উপজেলার ওমরপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে।


শুকচাঁদ আলী অভিযোগ করেন, পাশের জমির মালিকের সঙ্গে আমগাছ নিয়ে বেশ কিছুদিন ধরে তাঁর বিরোধ চলছিল। এ নিয়ে তাঁকে হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর ধারণা, ওই বিরোধের জের ধরেই রাতের আঁধারে বাগানের আটটি কাটিমন আমগাছ কেটে ফেলা হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।


স্থানীয় কয়েকজন বলেন, মানুষের মধ্যে বিরোধ থাকতেই পারে। কিন্তু সেই বিরোধের জেরে গাছের ক্ষতি করা কোনোভাবেই কাম্য নয়। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, গাছ কাটার বিষয়টি আগে তাঁর জানা ছিল না। এখন বিষয়টি জেনেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।