বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বাঘায় ৩ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

বাঘা প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন
বাঘায় ৩ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

রাজশাহীর বাঘায় মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের তিন হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।


রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার পদ্মা নদীর তীরবর্তী আলাইপুর বিজিবি ক্যাম্পের নিচে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যার উপস্থিতিতে জালগুলো ধ্বংস করা হয়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা ও উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হকের নেতৃত্বে পুলিশের একটি দল পদ্মা নদীর চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া, লক্ষ্মীনগর, কালিদাসখালী, চৌমাদিয়া, মীরগঞ্জ, আলাইপুর ও পানিকুমড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যান। পরে নদী থেকে উদ্ধার করা তিন হাজার মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, মা ইলিশের সুরক্ষা ও সংরক্ষণ নিশ্চিত করতে পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।


তিনি বলেন, কারেন্ট জাল মাছের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এবং জলজ জীববৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তি এ ধরনের জাল ব্যবহার করে নদীতে মাছ ধরছেন। মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।