নগরীতে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩
নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী ও মাদক সেবনরত অবস্থায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানা পুলিশ। এ সময় সাতটি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ২৬০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত ১০ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে মতিহার থানার মিজানের মোড় এলাকায় অভিযান চালিয়ে তালাইমারী গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে মো. রুমেল ওরফে রুবেল (৩৬) এবং চরশ্যামপুর গ্রামের মকলেসুর রহমান ওরফে মকলেসের ছেলে মো. বেল্লাল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। এ সময় রুবেলের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা সাতটি ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ২৬০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, বেল্লাল দীর্ঘদিন ধরে রুবেলের সঙ্গে মাদক ব্যবসা করে আসছিলেন।
এদিকে, ১১ অক্টোবর রাত পৌনে ১টার দিকে ধরমপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে রফিকুল ইসলামের (৩৯) বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁকে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।