নিয়ামতপুরে পল্লী বিদ্যুতের সেবা নিয়ে ভোগান্তি, ঘুষ দাবির অভিযোগ
নিয়ম মেনে আবেদন, ফি জমা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। আবাসিক মিটার সংযোগ পেতে মাসের পর মাস অপেক্ষা, ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর নতুনটি পেতে টাকা দাবিসহ নানা অভিযোগ উঠেছে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর নিয়ামতপুর জোনাল অফিসের বিরুদ্ধে। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, সেবা নিতে গিয়ে এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরেও সমাধান মিলছে না।
রোববার (১১ অক্টোবর) সকালে জোনাল অফিসের সামনে কয়েকজন ভুক্তভোগী তাঁদের এসব অভিযোগ তুলে ধরেন।
উপজেলার ঘোষকুড়া গ্রামের মতিউর রহমান বলেন, আবাসিক মিটারের জন্য তিনি দুবার অনলাইনে আবেদন করেও সংযোগ পাননি। তাঁর অভিযোগ, পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম ওয়ারিং পরিদর্শন করে ত্রুটি দেখিয়ে সংশোধনের নির্দেশ দেন। পরে সংশোধন করে ওয়ারিং সম্পন্ন করলেও প্রায় এক মাস ধরে সংযোগের বিষয়ে কোনো অগ্রগতি হচ্ছে না।
উপজেলা সদরের গ্রাহক মনিরুল ইসলাম বলেন, তাঁর শিল্প সংযোগের ট্রান্সফরমারটি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে পুড়ে যায়। পরে পল্লী বিদ্যুতের কর্মীরা সেটি খুলে নিয়ে যান। নতুন ট্রান্সফরমার পেতে অফিসে যোগাযোগ করলে ২৬ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি। মনিরুলের প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগে ট্রান্সফরমার নষ্ট হলে এর দায় গ্রাহককে কেন বহন করতে হবে? এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
আরেক গ্রাহক মুনজুরুল আলম বলেন, আবাসিক মিটারের জন্য আবেদন করার পর অফিস থেকে পরিদর্শনে গিয়ে বিভিন্ন অজুহাতে আবেদন বাতিল করা হয়। পরে নতুন করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেও সেবা পাচ্ছেন না বলে অভিযোগ তাঁর।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন সাংবাদিকেরা। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি জোনাল অফিসের ছাদে চলে যান বলে অভিযোগ করা হয়। পরে সাংবাদিকেরা সেখানে গেলে তিনি নিচে নেমে আসেন। তবে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি কোনো বক্তব্য না দিয়ে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রেজাউল করিম বলেন, পাওয়ার ইউজ কো-অর্ডিনেটরের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তিনি ইতিমধ্যে জেনেছেন। দ্রুতই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী গ্রাহকেরা দ্রুত অভিযোগ তদন্ত, হয়রানি বন্ধ এবং নির্ধারিত নিয়মে বিদ্যুৎসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।