বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পবার ২৩টি পূজামণ্ডপে দুর্গাপূজার উপহার দিলেন এমপি মিলন

নিজস্ব প্রতিবেদক ১১ অক্টোবর ২০২৬ ১০:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১১ অক্টোবর ২০২৬ ১০:৩০ অপরাহ্ন
পবার ২৩টি পূজামণ্ডপে দুর্গাপূজার উপহার দিলেন এমপি মিলন

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পবার ২৩টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন। তার পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। 


রোববার (১১ অক্টোবর) দুপুরে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিদের হাতে এই উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন। এসময় তিনি বলেন, সংসদ সদস্য অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলনের পক্ষ থেকে উপজেলার ২৩টি পূজামণ্ডপের প্রতিটিকে দুর্গাপূজার উপহার হিসেবে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ জন্য পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপজেলা পরিষদে আমন্ত্রণ জানিয়ে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে উপহারের টাকা তুলে দেওয়া হয়। পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে ইউএনও বলেন, পবার ২৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপনের পরিবেশ বর্তমানে অত্যন্ত সুন্দর ও সন্তোষজনক রয়েছে।


শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি পূজামণ্ডপের আয়োজক, স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের মধ্যে সমন্বয় বজায় রাখা জরুরি, যাতে সবাই নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন। তিনি আরও বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও উপলক্ষ। সব ধর্মের মানুষের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আনন্দ আরও বাড়ে। পবার প্রতিটি পূজামণ্ডপে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্যাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম, বিভিন্ন পূজামণ্ডপ কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।