নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৪টায় রাজশাহী মহানগরীর রেলগেট-গোড়হাঙ্গা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। এ প্রতিপাদ্য সামনে রেখে সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইন পরিচালনা করেন সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহ্সান টিটু, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শিউলী আকতার জেমি, প্রকাশনা সম্পাদক আসমানি আক্তার আঁখি, কার্যনির্বাহী সদস্য সবুজ, শহীদ ও পিন্টু এবং সদস্য রাহাত, ইমন, হামিম, সিয়াম ও নুর হোসেনসহ সংগঠনের অন্য সদস্যরা।
মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জনসাধারণকে সচেতন করার উদ্যোগ নিয়েছে নিসচা রাজশাহী জেলা শাখা।