বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

চারঘাটে চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

চারঘাট প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
চারঘাটে চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

রাজশাহীর চারঘাটে তফেল আলী (৫০) নামে এক ভ্যানচালককে হাতুড়ি ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তাঁর ভ্যান নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঁকড়ামারী-পরানপুর সড়কের শিশাতলা এলাকায় এ ঘটনা ঘটে।


আহত তফেল আলী উপজেলার অনুপামপুর কারিগরিপাড়া গ্রামের মৃত কানু আলীর ছেলে। তাঁর দুই হাতই গুরুতর জখম হয়েছে। এর মধ্যে একটি হাত ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আহত ভ্যানচালকের ভাষ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই ব্যক্তি চারঘাট বাজার থেকে পরানপুর যাওয়ার কথা বলে তাঁর ভ্যান ভাড়া করেন। পথে কাঁকড়ামারী বাজার পার হয়ে পরানপুর বাজারের আগে শিশাতলা এলাকায় পৌঁছালে ওই দুই ব্যক্তি কোমর থেকে হাতুড়ি ও চাপাতি বের করেন। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশের জমিতে ফেলে রেখে ভ্যানটি নিয়ে পালিয়ে যান।


পরে আহত অবস্থায় তফেল আলী চিৎকার ও কান্নাকাটি করলে সড়ক দিয়ে যাওয়া অন্য ভ্যানচালক ও যাত্রীরা তাঁকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. তহরুজ্জামান জানান, আহত ব্যক্তির দুই হাতই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি হাত ভেঙে গুরুতর জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।