নগরীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
রাজশাহী নগরীর জামালপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে ফ্লাইওভার থেকে ২০০ গজ পশ্চিমে এই মরদেহ পাওয়া যায়। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
জামালপুর এলাকায় রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা রাজশাহী রেলওয়ে থানায় খবর দেন। পরে খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহত নারী কীভাবে ট্রেনে কাটা পড়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, রেললাইনের পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।