ঈশ্বরদীর ৭ ইউনিয়ন বিএনপির সব কমিটি বিলুপ্ত
ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়ন শাখা বিএনপি ও এসব ইউনিয়নের সকল ওয়ার্ড শাখা বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) রাতে উপজেলা বিএনপির আহবায়ক মো. জিয়াউল ইসলাম সন্টু সরদার ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার (১২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত শনিবার পাবনা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বাসভবনে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. জিয়াউল ইসলাম সন্টু সরদার।
সভায় ঈশ্বরদী উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল, গতিশীল ও সুসংগঠিত করার জন্য সর্বসম্মতিক্রমে ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়ন ও ইউনিয়ন সমূহের সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে অতিদ্রুত এসব কমিটি নতুন করে গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত উপজেলা বিএনপির দাপ্তরিক কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান মনিরুলকে দপ্তর সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এ প্রসঙ্গে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে। পৌর বিএনপি ৯টি ওয়ার্ডে কমিটি গঠন শুরু করেছে। উপজেলার পাকশী, সাঁড়া, সলিমপুর, লক্ষ্মীকুন্ডা, সাহাপুর, দাশুড়িয়া ও মুলাডুলিসহ ৭টি ইউনিয়ন এবং এসব ইউনিয়নের ওয়ার্ড কমিটিসমূহ নতুন করে গঠন করার লক্ষ্যে ইউনিয়ন কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে ঈশ্বরদীতে বিএনপি আরো সুসংগঠিত হবে বলে তিনি মন্তব্য করেন।
পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন
এদিকে শহিদুল ইসলাম অটলকে সভাপতি ও আনোয়ার হোসেন গুড্ডুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঈশ্বরদী পৌর বিএনপির ৫নং ওয়ার্ড শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার পৌর বিএনপির আহবায়ক মাহ্বুবুর রহমান পলাশ ও সদস্য সচিব ইমরুল কায়েস সুমন ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। নতুন কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন তারা হলেন সিনিয়র সহসভাপতি রহমত আলী, সহসভাপতি শামসুর রহমান সিম্মু, সাহাবুল ইসলাম, মো. মুন্না, আবুল কালাম আজাদ সুটকা, মো. হানিফ খান, ইয়াকুব আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূর আলম হোসেন রাজেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাইয়ার আলম, মো. আনোয়ার হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কাজী, সহসাংগঠনিক সম্পাদক মো. হিরা, ও প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান মিটু।