নারী উদ্যোক্তাদের ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি করবে এআই : ইউএনও পবা
ব্যবসার প্রচার, ক্রেতার চাহিদা বিশ্লেষণ ও পণ্য বিপণনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নারী উদ্যোক্তাদের সামনে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এ সুযোগ কাজে লাগাতে ব্যাংকিং সেবা, আর্থিক ব্যবস্থাপনা ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন জরুরি। এ জন্য নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইবনুল আবেদীন।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১২টায় পবা উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী ‘ব্যাংক লিটারেসি ও ব্যবসায় এআই ব্যবহারের ওপর প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনী’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও ইবনুল আবেদীন বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকিং সেবা সম্পর্কে সঠিক ধারণা থাকলে উদ্যোক্তারা তাঁদের আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারবেন। পাশাপাশি ব্যবসায় এআইয়ের ব্যবহার পণ্যের প্রচার, ক্রেতার চাহিদা বিশ্লেষণ ও ব্যবসা পরিচালনায় নতুন সুযোগ তৈরি করতে পারে। তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে উদ্যোক্তারা নিজেদের ব্যবসাকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে পারবেন। নারী উদ্যোক্তাদের আর্থিক সচেতনতা বৃদ্ধি ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এ কর্মসূচির আয়োজন করেছে। এতে পৃষ্ঠপোষকতা করছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল উইমেন ব্যাংকিং)। দুই দিনব্যাপী এ কর্মসূচি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ব্যাংক পিএলসি রাজশাহী শাখার ব্যবস্থাপক মো. আলম খান, পবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন এবং তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সাবেক সহসভাপতি রোকসানা পারভীন। আয়োজকেরা জানান, দুই দিনের প্রশিক্ষণে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সেবা, আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল লেনদেন, ব্যবসায় এআইয়ের ব্যবহার, অনলাইন বিপণন এবং আধুনিক ব্যবসা পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। এর পাশাপাশি উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তারা আর্থিক বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি ব্যবসায় প্রযুক্তির কার্যকর ব্যবহার শিখতে পারবেন। এতে তাঁদের ব্যবসা সম্প্রসারণ ও দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ বাড়বে।