রাজশাহীতে ৪৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৫ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম। এ সময় মাদক বিক্রির নগদ ১ হাজার ৬০৭ টাকা জব্দ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর হাজরাপুকুর নিউকলোনির কানার মাঠ এলাকায় চন্দ্রিমা থানা পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন একই গ্রামের ওয়াদুদ শেখ ওরফে অদুদের ছেলে মো. অহিদুল শেখ ওরফে তহিদুল (৩৮) এবং মাসুমের ছেলে মো. রানা (২৪)।
পুলিশ জানায়, অভিযানে তহিদুলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১ হাজার ৬০৭ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রানা দীর্ঘদিন ধরে তহিদুলের সঙ্গে মাদক ব্যবসায় জড়িত।
পুলিশ আরও জানায়, তহিদুলের বিরুদ্ধে শাহমখদুম ও চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত পৃথক দুটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।