আত্রাইয়ে ছিনতাই-প্রতারণার অভিযোগে দুইজন কারাগারে
নওগাঁর আত্রাইয়ে ছিনতাই ও প্রতারক চক্রের সদস্য সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা করে সোমবার (১২ অক্টোবর) নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার পাঁচুপুর ইউনিয়নের বিপ্রবোয়ালিয়া গ্রামের রেজাউল করিমের ছেলে রুহুল আমীন (২৪) ও একই গ্রামের গণেশ চন্দ্র সাহার ছেলে সুশান্ত সাহা (২৫)। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে বিপ্রবোয়ালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে এলাকায় ছিনতাই ও প্রতারণার অভিযোগ বেড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং বাইরে চলাচল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।