বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বদলগাছীতে বিয়েতে আপত্তি, কিশোরের আত্মহত্যা

বদলগাছী প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন
বদলগাছীতে বিয়েতে আপত্তি, কিশোরের আত্মহত্যা

নওগাঁর বদলগাছীতে পছন্দের নারীকে বিয়ে করতে পরিবারের আপত্তির জেরে সিফাত হোসেন (১৫) নামে এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) রাতে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত সিফাত ওই গ্রামের আসাদুল ইসলামের ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, আসাদুল ইসলাম স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় থাকেন এবং একটি পোশাক কারখানায় চাকরি করেন। সিফাত ঢাকার একটি হোটেলে কাজ করত। এ সময় এক স্বামী পরিত্যক্ত নারীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীকে বিয়ে করতে চাইলে পরিবারের সদস্যরা আপত্তি জানান।


স্থানীয় সূত্রে জানা যায়, ছেলেকে ওই সম্পর্ক থেকে দূরে রাখতে চার দিন আগে সিফাতকে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে পাঠিয়ে দেওয়া হয়। তিন দিন আগে সে বাড়িতে আসে। পরিবারের সদস্যদের কাছে আবারও ওই নারীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে সে। এর পর সোমবার রাতে তার আত্মহত্যার ঘটনা ঘটে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।


বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, বিয়েতে পরিবারের আপত্তির বিষয়টি জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।