বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নাটোরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

নাটোর প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন
নাটোরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্য সামনে রেখে নাটোরে ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।


সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ, সহকারী পরিচালক সালেকুল ইসলাম এবং নাটোর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পিয়ারুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


প্রেস কনফারেন্সে বক্তারা জানান, সোমবার থেকে দেশব্যাপী একযোগে খানাভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহকারীরা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিশেষায়িত ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে পরিবারের তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য সরাসরি অনলাইনে নির্ধারিত ডেটাবেইসে অন্তর্ভুক্ত করা হবে।


বক্তারা আরও জানান, তথ্য সংগ্রহ কার্যক্রম কার্যকরভাবে সম্পন্ন করতে মোবাইল সিম সংগ্রহ, নেটওয়ার্কভিত্তিক সাইবার নিরাপত্তা, কর্মী ব্যবস্থাপনা এবং নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) স্থাপনসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।


অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে পরবর্তী তিন অর্থবছরে যোগ্য সব নারী পরিবারপ্রধানকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।