বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শিবগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ২৭৫ কর্মী নিয়োগ

শিবগঞ্জ প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
শিবগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ২৭৫ কর্মী নিয়োগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে ২৭৫ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ কার্যক্রম পরিচালিত হবে। ফ্যামিলি কার্ড তৈরি করতে কোনো অর্থ লাগবে না। এ নিয়ে কেউ অর্থ লেনদেন বা অনিয়ম-দুর্নীতির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।


সোমবার (১২ অক্টোবর) বিকেলে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম।


প্রেস কনফারেন্সে জানানো হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে (পাইলটিং) তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে এ কর্মসূচি শুরু হবে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও তথ্য সংগ্রহ করা হবে।


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ ও কার্ড তৈরির ক্ষেত্রে কোনো ধরনের অর্থ দেওয়ার প্রয়োজন নেই। কেউ অর্থ দাবি করলে কিংবা অর্থ লেনদেনের মাধ্যমে অনিয়ম বা দুর্নীতির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিআরডিবি কর্মকর্তা শাহিন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মসূচির সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন কর্মকর্তারা।