বিএমডিএ কর্মকর্তা-কর্মচারীদের জন্য গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষর
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সঙ্গে গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় বিএমডিএর সব কর্মকর্তা-কর্মচারী জীবনবীমা সুবিধা পাবেন। কোনো কর্মকর্তা বা কর্মচারীর স্বাভাবিক মৃত্যু হলে তাঁর মনোনীত ব্যক্তি (নমিনি) ৩৬ মাসের বেতনের সমপরিমাণ অর্থ এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে ৭২ মাসের বেতনের সমপরিমাণ অর্থ পাবেন।
সোমবার (১২ অক্টোবর) রাজশাহীতে বিএমডিএর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমডিএর নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান (গ্রেড-২), সচিব মো. মেহেদী হাসান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফসহ প্রশাসনিক কর্মকর্তারা।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ সহসভাপতি (গ্রাহকসেবা) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মো. নাহিদুল ইসলাম, উপমহাব্যবস্থাপক মো. রুহুল আমিনসহ অন্য কর্মকর্তারা।
চুক্তির ফলে বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা জীবনবীমার আওতায় আর্থিক সুরক্ষা পাবেন। বিশেষ করে কোনো কর্মকর্তা বা কর্মচারীর অকালমৃত্যু হলে তাঁর পরিবারের জন্য নির্ধারিত বীমার অর্থ আর্থিক সহায়তা হিসেবে কাজে আসবে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ কর্মীদের পরিবারের ভবিষ্যৎ আর্থিক অনিশ্চয়তা মোকাবিলায় সহায়ক হবে।