বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

কেশরহাটে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৭১০ রোগী

কেশরহাট প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ ১১:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ ১১:০০ অপরাহ্ন
কেশরহাটে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৭১০ রোগী

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে বিনামূল্যে চক্ষু ক্যাম্পেইনের আয়োজন করেছে স্বাধীনতা ফাউন্ডেশন। সোমবার (১২ অক্টোবর) সকালে কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে ১ হাজার ৭১০ জন রোগী নিবন্ধন করেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ৩৫০ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে। এ ছাড়া ৪৪০ জন রোগীকে চক্ষু অস্ত্রোপচারের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।


স্বাধীনতা ফাউন্ডেশনের সভাপতি ও বিএনপি নেতা হাজি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো।


বিশেষ অতিথি ছিলেন চিকিৎসক হামিদুর রহমান, কেশরহাট ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক খুশবর রহমান, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, কেশরহাট প্রগতি সংঘের আহ্বায়ক ওসমান আলী, কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাচ্চু এবং স্বাধীনতা ফাউন্ডেশনের সহসভাপতি শাহ্ আলম ও মুস্তাফিজুর রহমান খালেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


ক্যাম্পেইনে চিকিৎসাসেবা প্রদান করে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল। কেশরহাট প্রগতি সংঘ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ সার্বিক সহযোগিতা করে। আয়োজকেরা জানান, নির্বাচিত ৪৪০ জন রোগীকে সংগঠনের তত্ত্বাবধানে দিনাজপুরের ওই চক্ষু হাসপাতালে নেওয়া হবে এবং চিকিৎসা শেষে ফিরিয়ে আনা হবে। তাঁদের যাতায়াত ও খাবারের খরচও বিনামূল্যে বহন করা হবে।


আয়োজকেরা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের চক্ষুচিকিৎসা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাভাবে যেন কেউ প্রয়োজনীয় চক্ষুসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই বিনামূল্যে চিকিৎসা, চশমা বিতরণ ও অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে।