বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

চারঘাটে মুক্তিযোদ্ধাদের দাবি শুনলেন এমপি আবু সাইদ চাঁদ

চারঘাট প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ ১১:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
চারঘাটে মুক্তিযোদ্ধাদের দাবি শুনলেন এমপি আবু সাইদ চাঁদ

রাজশাহীর চারঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযোদ্ধারা তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। সংসদ সদস্য তাঁদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন।


উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন চারঘাট পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালেক আদিল ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির রহমান মুকুট।


সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা। এ ছাড়া বক্তব্য দেন রাজশাহী জেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এবং চারঘাট উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাস।


মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধারা তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন আবু সাইদ চাঁদ।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, “১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধারা হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। তেমনি আবারও দেশ পুনর্গঠনে তাঁদের এগিয়ে আসতে হবে।”


তিনি বীর মুক্তিযোদ্ধাদের যৌক্তিক দাবি-দাওয়াগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন।