বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
নাগরিক সুবিধা বাড়াতে খাসজমি চায় রাসিক

খেলার মাঠ, বাস-ট্রাক টার্মিনাল, কাঁচাবাজারসহ নানা স্থাপনা নির্মাণের পরিকল্পনা

সংবাদ বিজ্ঞপ্তি ১২ অক্টোবর ২০২৬ ১১:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১২ অক্টোবর ২০২৬ ১১:০৪ অপরাহ্ন
খেলার মাঠ, বাস-ট্রাক টার্মিনাল, কাঁচাবাজারসহ নানা স্থাপনা নির্মাণের পরিকল্পনা

রাজশাহী মহানগরীর নাগরিক সুবিধা সম্প্রসারণ ও জীবনযাত্রার মানোন্নয়নে সরকারি খাস সম্পত্তি বরাদ্দ চেয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। নগরীর বিভিন্ন ওয়ার্ডে খেলার মাঠ, আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল, কাঁচাবাজার, কমিউনিটি সেন্টারসহ নানা নাগরিক স্থাপনা নির্মাণে এসব সম্পত্তি রাসিকের অনুকূলে বরাদ্দ ও হস্তান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।


সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ দাবি জানান। এ সময় নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সম্প্রসারণে সরকারি খাস সম্পত্তি বরাদ্দের বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।


সাক্ষাতে রাসিক প্রশাসক জানান, নগরীর ওয়ার্ড পর্যায়ে খেলার মাঠ, ফুটসাল ও ইনডোর স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল, ওয়ার্ড কার্যালয় এবং কমিউনিটি সেন্টার গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস), নগরবনায়ন, হকার পুনর্বাসন, কাঁচাবাজার, পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন, কবরস্থান, ক্লাব ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।


রাসিক প্রশাসকের মতে, এসব প্রকল্প বাস্তবায়নে উপযুক্ত জমি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। সরকারি খাস সম্পত্তি সিটি কর্পোরেশনের অনুকূলে বরাদ্দ ও হস্তান্তর করা হলে নাগরিক সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সহজ হবে।


এ বিষয়ে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে রাসিক সূত্রে জানানো হয়েছে। তবে কতটুকু জমি বরাদ্দ দেওয়া হবে এবং কবে নাগাদ এ প্রক্রিয়া বাস্তবায়িত হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।