রাজশাহীতে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গাছপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজশাহীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১২ অক্টোবর) নেসকো থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-বিমানবন্দর জানিয়েছে, বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য ১১ কেভি বাইপাস ও পোস্টাল ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এর মধ্যে ১১ কেভি বাইপাস ফিডারের আওতাধীন ওমরপুর, কুচপাড়া, মাস্টারপাড়া, নামোপাড়া এবং সার্ভে কলেজ থেকে খড়খড়ি পর্যন্ত এলাকায় সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে, ১১ কেভি পোস্টাল ফিডারের আওতাধীন নওদাপাড়া, মধ্য-নওদাপাড়া, মেহেরের মিল বটতলা, তালপুকুরপাড়া, কয়েদারাসহ শিল্পীপাড়া ও আশপাশের এলাকায় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী সুরঞ্জিত কুমার দাস জানিয়েছেন, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের কাছাকাছি গাছপালা কর্তনের জন্য মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তালাইমারী, মতিহার, ধরমপুর, ফলতলা, কাজলা, বিনোদপুর, মির্জাপুর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।