বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা

নিজস্ব প্রতিবেদক: ১৩ অক্টোবর ২০২৬ ০১:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক: ১৩ অক্টোবর ২০২৬ ০১:৪৬ অপরাহ্ন
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতি নিতে হবে ঘর থেকেই। পরিবারের সদস্যদের সচেতনতা, আগাম সতর্কবার্তা মেনে চলা এবং সম্মিলিত উদ্যোগই পারে দুর্যোগের ঝুঁকি কমিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে। এ বার্তা সামনে রেখে পবা উপজেলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় ‘ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।


র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। দুর্যোগের আগে প্রস্তুতি নেওয়া গেলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।


ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা কিংবা ঝড়ের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে সবার পরিষ্কার ধারণা থাকা জরুরি। পরিবারের প্রত্যেক সদস্যকে দুর্যোগকালীন নিরাপত্তা ব্যবস্থা ও আগাম সতর্কবার্তা সম্পর্কে সচেতন করতে হবে। সম্মিলিত উদ্যোগ ও কার্যকর প্রস্তুতির মাধ্যমে আমরা একটি দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারি।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান এবং নওহাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর নিরঞ্জন সরকার। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, হরিয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ছাবের আলী পালু, হরিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুশফিকুর রহমান রাশেদ ও হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।