এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী
এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বছরের পর বছর ফেল করার সংস্কৃতি চলতে দেওয়া হবে না। যারা সাধারণ শিক্ষায় এগোতে পারবে না, তাদের কারিগরি শিক্ষায় নেওয়া হবে।
আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এই অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নৈতিকভাবে উন্নত প্রজন্ম গড়ে তোলার কাজ চলছে।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সরদার মো. কেরামত আলী সভাপতিত্ব করেন। এতে স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।
তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন