বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

গ্রীন একাডেমি উচ্চ বিদ্যালয়ে নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নাটোর প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
গ্রীন একাডেমি উচ্চ বিদ্যালয়ে নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে নাটোরের গ্রীন একাডেমি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপী বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে কবির জীবন, সাহিত্যকর্ম, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা করা হয়।


অনুষ্ঠানে বিদ্যালয়ের কেজি ও মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা নজরুলের কালজয়ী গান, গানের তালে নৃত্য, গজল, কবিতা আবৃত্তি এবং কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। শিক্ষার্থীদের পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান।


আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম তাঁর সাহিত্য ও সংগীতের মাধ্যমে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে আদর্শ তুলে ধরেছেন, তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফের উদ্দিন বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক রঞ্জু আহমেদ, সহকারী শিক্ষক আবুল কাউসারসহ অন্যরা। এ সময় বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক শাখার শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচন করা হয়। পরে ১০টি ইভেন্টে বিজয়ী ১১ শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী দর্শন সম্পর্কে আগ্রহ বাড়বে এবং নতুন প্রজন্ম নজরুলচর্চায় আরও উৎসাহিত হবে।