বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্য ও মানবতার চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। নজরুলবিষয়ক আলোচনা উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা হামিদ।
আলোচনায় অধ্যাপক ড. শামীমা হামিদ বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তাঁর লেখনীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, শোষণমুক্তি ও স্বাধীনতার চেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। তাঁর সাহিত্যকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চাকে উৎসাহিত করবে। একই সঙ্গে নজরুলের অসাম্প্রদায়িক ও সাম্যবাদী চেতনাকে ধারণ করে শিক্ষার্থীরা মানবিক সমাজ গঠনে অনুপ্রাণিত হবে।
অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম স্মরণ করা হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের জীবনদর্শন, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আগ্রহ বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।