বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক ১৩ অক্টোবর ২০২৬ ১০:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৩ অক্টোবর ২০২৬ ১০:২৫ অপরাহ্ন
পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ
উদ্যোক্তাকে সনদ বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা

ব্যবসা পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনায় সচেতনতা তৈরি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে রাজশাহীর পবায় নারী উদ্যোক্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ব্যাংকিং সেবা, ডিজিটাল লেনদেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অনলাইন বিপণনের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।


মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া ৬৫ জন নারী উদ্যোক্তার হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব দক্ষতা ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি পণ্যের প্রচার ও বিপণন সহজ করবে। আর্থিক অন্তর্ভুক্তি, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসা সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


প্রধান আলোচক পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন বলেন, নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী হতে প্রচলিত ব্যবসায়িক জ্ঞানের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে। ব্যাংকিং সেবা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে সঞ্চয়, ঋণ ও আর্থিক লেনদেনে তাঁরা সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন। এআই ও ডিজিটাল বিপণন কাজে লাগিয়ে কম খরচে আরও বেশি ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে উদ্যোক্তারা তাঁদের ব্যবসার পরিধি বাড়াতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির আয়োজনে এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল উইমেন ব্যাংকিং) পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য উম্মে হাজ সিদ্দিকা। জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ব্যাংক পিএলসির রাজশাহী শাখার ব্যবস্থাপক মো. আলম খান, ব্যাংকটির হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তানজেরী হক, অ্যাসোসিয়েট ম্যানেজার শাকিল আহমেদ হিমেল, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সাবেক সহসভাপতি রোকসানা পারভীন এবং রাজশাহী শাখার সভাপতি সারিকা।


আয়োজকেরা জানান, দুই দিনের প্রশিক্ষণে ব্যাংকিং সেবা, আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল লেনদেন, ব্যবসায় এআইয়ের ব্যবহার, অনলাইন বিপণন ও আধুনিক ব্যবসা পরিচালনার কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।


আয়োজকদের প্রত্যাশা, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নারী উদ্যোক্তারা আর্থিক ব্যবস্থাপনায় আরও দক্ষ হবেন, প্রযুক্তির কার্যকর ব্যবহার বাড়াবেন এবং নিজেদের ব্যবসা সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করতে পারবেন।